কোটচাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

কোটচাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

কোটচাঁদপুর প্রতিনিধি :

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের জীবনদর্শন ও মানবতার বাণীর আলোকবর্তিকা ছড়িয়ে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে তাঁর ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থানীয় মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে কোটচাঁদপুর কোহিনুর অডিটরিয়ামের মিলনায়তন কক্ষে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র এবং কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল এবং শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রফিক মন্ডল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত সাবলীল বক্তব্য পেশ করে বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নিশাত সারিকা। পবিত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে নবম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার সারা এবং পবিত্র গীতা পাঠ করেন তীন সরকার।

আলোচনা পর্ব শেষে আয়োজিত আকর্ষণীয় সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের একঝাঁক প্রতিভাবান শিক্ষার্থী বাউলসম্রাট লালন সাঁইয়ের জনপ্রিয় ও লোকপ্রিয় গানগুলো সুমধুর কণ্ঠে পরিবেশন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো মিলনায়তন জুড়েই এক ভাবগম্ভীর ও মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের কণ্ঠে গাওয়া লালনসংগীতের প্রতিটি ছত্রে ফুটে ওঠে মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা এবং সকল ভেদাভেদ ভুলে মানুষের প্রতি নিখাদ ভালোবাসার চিরন্তন বার্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফকির লালন সাঁই কেবল একজন প্রখ্যাত সাধক বা সংগীতস্রষ্টাই নন, তিনি মানবতা, সামাজিক সাম্য, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দার্শনিক পুরুষ। বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে এবং তাদের মাঝে উদার মানসিকতা তৈরিতে তাঁর গান ও জীবনদর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সাংস্কৃতিক ও মননশীল আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও নান্দনিকভাবে সঞ্চালনা করেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুবাস কুমার রায়। পরিশেষে লালন সাঁইয়ের উদার মানবতাবাদী দর্শন ও উচ্চাঙ্গের সংগীত চর্চার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উন্নত মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

"দক্ষিণবঙ্গের হৃদয়ে আজীবন অমর তরিকুল ইসলাম" : কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদ

কালীগঞ্জের উল্লা গ্রামে চার পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন !

শৈলকূপায় ডোপ টেস্টে ৭ জন পজিটিভ : আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

ঝিনাইদহ সদরে গভীর রাতে খামারের তালা ভেঙে ৬টি গরু চুরি!

মহেশপুর সীমান্তে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

শৈলকুপায় ব্যাংক থেকে টাকা তোলার সময় ছিনতাইয়ের চেষ্টা : হাতে নাতে ধরা দুই নারী ছিনতাইকারী

কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *