স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি চাঞ্চল্যকর নাশকতা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় দুই প্রভাবশালী ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় মামলাটি (নম্বর- ২৩) রুজু করা হয়েছিল। পরবর্তীতে নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ উক্ত মামলায় দু’জন নতুন আসামির সম্পৃক্ততা নিশ্চিত করে এবং তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১. লাল্টু মিয়া (৬০), পিতা- মৃত সৈয়দ আলী রহমান, সাং- শ্রীকোনা। তিনি ১০ নম্বর শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি। ২. আব্দুর রহিম (৪৮), পিতা- মৃত আব্বাস উদ্দিন, সাং- দক্ষিণ বুরুজবাগান। তিনি ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি।
বিজ্ঞাপন
তদন্ত সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরকদ্রব্য ব্যবহার ও নাশকতার পরিকল্পনা সংক্রান্ত ওই মামলা দায়েরের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়িয়ে আসছিল। দীর্ঘ তদন্তে উল্লেখিত ধারাসমূহের অপরাধে তাদের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
