সন্ধ্যার পর অহেতুক ঘোরাঘুরি করলে আটক হতে পারে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

সন্ধ্যার পর অহেতুক ঘোরাঘুরি করলে আটক হতে পারে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

স্ফুলিঙ্গ ডেক্স :

কক্সবাজার শহর ও আশেপাশের এলাকায় সন্ধ্যার পর বিনা কারণে কোনো স্কুল-কলেজের শিক্ষার্থীকে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের আটক ও গ্রেপ্তার করার স্পষ্ট হুঁশিয়ারি প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির ঐতিহ্যবাহী শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমন বিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বারত প্রদান করেন। উক্ত সুধী সমাবেশের আয়োজন করে কক্সবাজার জেলা পুলিশ।

অভিভাবক সমাজ ও শিক্ষক মণ্ডলীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, বর্তমান সময়ে অনেক ছেলেমেয়ের ওপর পরিবার ও শিক্ষকদের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে। তরুণ প্রজন্মের যে বয়সে বই-খাতা ও লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই সময়ে তারা বিকেলে রাস্তাঘাটে অহেতুক আড্ডা দিয়ে সময় নষ্ট করছে। শুধু তাই নয়, রাস্তাঘাটে বিভিন্ন অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি ও ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটাতেও দেখা যাচ্ছে। মূলত পারিবারিক সঠিক শিক্ষা, শাসন ও সুদৃঢ় নজরদারির অভাবেই সমাজে কিশোর গ্যাংয়ের মতো অপরাধচক্র গড়ে উঠছে বলে তিনি মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিশোর অপরাধ পুরোপুরি দমনের ব্যাপারে প্রশাসনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ডিআইজি আরও বলেন, দেশে কিশোর গ্যাং বলতে কোনো অপরাধী চক্রের অস্তিত্ব রাখা হবে না। এটি পুরোপুরি নির্মূল করতে পুলিশ প্রশাসন ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই লক্ষ্যে নিয়মিত প্রতিরোধমূলক আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামসহ আরও অনেকে।

সমাবেশে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, পর্যটন নগরী কক্সবাজার শহরে প্রতিনিয়ত বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়ে থাকে। এসব অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে কেবল পুলিশের একক প্রচেষ্টায় অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এজন্য রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তারা। উক্ত সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *