স্ফুলিঙ্গ ডেক্স :
কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ও ৫১ পুরিয়া হেরোইনসহ কুড়িগ্রাম আইনজীবী সমিতির এক সদস্য ও তাঁর স্ত্রীসহ মোট তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে অ্যাডভোকেট আলমগীর হোসেনের হেফাজত থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাঁর স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং অন্য সহযোগী মো. শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে আরও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে সর্বমোট ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম এবং পলিথিনসহ জব্দকৃত হেরোইনের ওজন চার গ্রাম। আইন প্রয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার ৫০০ টাকা।
ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।
