জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর পৃথক দুটি স্থানে দুই এইচএসসি পরীক্ষার্থীর আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া এবং নতুনগ্রাম এলাকায় পৃথকভাবে এই দুঃখজনক ঘটনাগুলো ঘটে।
অকাল মৃত্যুবরণকারী শিক্ষার্থীরা হলেন—মাগুরা সদর উপজেলার কুচিয়ামাড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুনগ্রাম এলাকার মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (১৮)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সারাদেশের ন্যায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তারা দুজনেই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হন। এই খবর পাওয়ার পর থেকেই তারা চরম মানসিক চাপে ভুগছিলেন। পরবর্তীতে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরীক্ষা কেন্দ্রিক তীব্র মানসিক অবসাদ ও বিষাদের কারণেই এই মর্মান্তিক পরিণতি ঘটে থাকতে পারে বলে স্বজন ও স্থানীয়দের ধারণা।
একই দিনে দুই সম্ভাবনাময় তরুণ-তরুণীর এমন অকাল প্রস্থানে সংশ্লিষ্ট এলাকা ও পরিবার দুটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।
