স্ফুলিঙ্গ ডেক্স :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে দুই কেজি ওজনের মোট ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মহিষভাঙা গ্রামস্থ ‘লায়লার মোড়’ নামক স্থানে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের ওপর এই সফল অভিযান পরিচালিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী ‘শ্যামলী এন আর ট্রাভেলস’-এর একটি বাসে (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১৬২১) তল্লাশি চালানো হয়। বাসের ভিতরে প্রবেশ করে ‘E-1’ নম্বর সিটে উপবিষ্ট যাত্রী নয়ন মিয়ার দুই পায়ের হাঁটুর ওপর দুই হাত দিয়ে ধরা অবস্থায় একটি সিনথেটিক হাত ব্যাগ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ওই ব্যাগটি তল্লাশি করে ভেতরে লাল রঙের টিস্যু শপিং ব্যাগের ভিতর থেকে কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত মোট ১৭,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ ইয়াবার মোট ওজন ১ কেজি ৭০০ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে বাস ভ্রমণের ১টি যাত্রী টিকেট জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. নয়ন মিয়া (৩৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের কদমতলী থানাধীন শ্যামপুর এলাকার ঢাকা মেস (ওয়াসা কলোনী)-এর বাসিন্দা মো. দুলাল মিয়া ও মোছা. মোরশেদা বেগম দম্পতির ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।
