স্ফুলিঙ্গ ডেক্স :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননা করে আপত্তিকর ভিডিও প্রচারের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ২৭ অক্টোবর ২০২৬ তারিখে রাতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন কিচক বেলাই গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সৌরভ চন্দ্র মহন্ত (১৯)। তিনি রংপুরের পীরগঞ্জ থানাধীন চককরিম কাশিমপুর গ্রামের বিশু মহন্ত ও তরু বালা রানী দম্পতির সন্তান।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্ত তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন অবমাননাকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই সেই আপত্তিকর ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে যে, অভিযুক্ত ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সমাজে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
বিজ্ঞাপন
এই জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ থানায় ১৯৪৭ সালের দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫এ এবং ২৯৮ ধারায় একটি নিয়মিত মামলা (নম্বার- ৩০, তারিখ: ২৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ) রুজু করা হয়।
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের প্রত্যক্ষ দিকনির্দেশনায় রংপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ২৭ অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার শিবগঞ্জ থানার কিচক বেলাই গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ছবি সংগৃহীত।
