স্ফুলিঙ্গ ডেক্স :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তরের ভাষ্যমতে, পুলিশ প্রধান মূলত অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও আইনি প্রয়োগের দৃঢ়তা বোঝাতেই ওই শব্দ ব্যবহার করেছেন; এর পেছনে বিচারবহির্ভূত কোনো হত্যার উদ্দেশ্য ছিল না।
সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা জানানো হয়। এর আগে সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠান শেষে দেওয়া আইজিপির একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। সেখানে তিনি পরিস্থিতি সাপেক্ষে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এই বক্তব্য নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দ্রুত এই ব্যাখ্যা আসে।
সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে জনগণের জানমাল রক্ষা এবং অপরাধ দমনে কাজ করে যাচ্ছে পুলিশ। তবে এই দায়িত্ব পালনকালে অনেক সময় পুলিশ সদস্যদের সংঘবদ্ধ সন্ত্রাসী ও অপরাধীদের সরাসরি হামলার মুখে পড়তে হয়। চলতি বছরের প্রথম দশ মাসেই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর প্রায় পৌনে দুই শ হামলার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আত্মরক্ষা এবং প্রচলিত আইনি বিধানের আও্তায় থেকে পুলিশকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইজিপি তাঁর বক্তব্যে মূলত চাঁদাবাজ, মাদক কারবারি ও সমাজবিরোধীদের দমনে পুলিশ পিছপা হবে না—সেটিই স্পষ্ট করতে চেয়েছেন। ‘ক্রসফায়ার’ শব্দটি তিনি আক্ষরিক ও রূপক অর্থে ব্যবহার করেছেন, যা কোনোভাবেই বিচারবহির্ভূত শাস্তির ইশারা নয়। এছাড়া একই অনুষ্ঠানে সাংবাদিকদের পেশা ও ভূমিকা নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তার করা মন্তব্যটি অসাবধানতাবশত হয়েছে বলে সদর দপ্তর পরিষ্কার করেছে। পরিশেষে মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি সংগৃহীত।

