স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের আলোচিত শীর্ষ অপরাধী আরাফাত হোসেন ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে (২৫) পার্শ্ববর্তী বাগেরহাট জেলার ফকিরহাট এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় অবস্থিত তাঁর বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর যশোর শহরের শংকরপুর বালুর মাঠ এলাকা থেকে ককটেলসদৃশ ৮টি বস্তু উদ্ধারের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে এবং এতে গোল্ডেন ফিরোজের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পায়। ওই মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় হত্যা ও অবৈধ অস্ত্র আইনসহ অন্তত পাঁচটি গুরুতর অপরাধমূলক মামলা বিচারাধীন রয়েছে।ছবি সংগৃহীত।

