স্ফুলিঙ্গ রিপোর্ট :
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শারদীয় দুর্গাপূজা পরম শ্রদ্ধা, আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরজমিনে পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন একাধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে উপস্থিত হয়ে তিনি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ পরিচালনা কমিটির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে আবশ্যিকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মণ্ডপ কমিটির নিজস্ব নিবন্ধিত স্বেচ্ছাসেবক টিম রাখা এবং জরুরি সেবার প্রয়োজনীয় মোবাইল নম্বরসমূহ মন্দিরের জনসম্মুখে দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার জোর পরামর্শ দেন।
বিজ্ঞাপন
মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, কুষ্টিয়া জেলাজুড়ে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে পূজা চলাকালীন সময় থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি মণ্ডপ প্রাঙ্গণে দর্শনার্থী নারী ও পুরুষদের জন্য পৃথক যাতায়াত বা প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারণ, আলো স্বল্পতা এড়াতে পূজা মণ্ডপ ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর সংস্থান রাখা এবং বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের সুব্যবস্থা রাখার নির্দেশ প্রদান করেন।
একই সাথে ধর্মীয় সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে আজান ও সালাতের নির্দিষ্ট সময়ে উচ্চশব্দে শব্দযন্ত্র বা মাইক ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সর্বস্তরের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরপুর থানাসহ জেলার প্রতিটি পূজামণ্ডপে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।

