স্ফুলিঙ্গ ডেক্স :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্য অক্ষত ও সুস্থ রয়েছেন। তাঁদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিজিবির আনুষ্ঠানিক যোগাযোগ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমান্তে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। আটক হওয়া দুই পুলিশ সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
সীমান্তের পরিবেশ ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, শশীদল এলাকার ভৌগোলিক অবস্থান পাহাড়ি ও ঘন জঙ্গলবেষ্টিত। সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে অসাবধানতাবশত বা ভুলবশত এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তসংলগ্ন জঙ্গল এলাকা থেকে দায়িত্ব পালনকালে শশীদল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান এবং কনস্টেবল রোহিতকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনা জানার পরপরই তাঁদের অক্ষত অবস্থায় ফেরত আনতে বিজিবি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে সীমান্ত যোগাযোগ শুরু করে। ছবি সংগৃহীত।

