স্ফুলিঙ্গ ডেক্স :
মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই অভিযানে এলাকার চিহ্নিত নারী মাদক কারবারি মৌসুমি আক্তারকে তাঁর নিজ বসতঘর থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে একশ গ্রাম হেরোইন এবং অবৈধ মাদক ব্যবসার নগদ ছয় লাখ টাকা জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর প্রত্যক্ষ নেতৃত্বে একটি চৌকস দল দৌলতদিয়ার উত্তর পোড়াভিটা এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন খবরের ভিত্তিতে চালানো ওই অভিযানে নিজ বাড়ি থেকেই মৌসুমিকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন পরিদর্শক মো. রাসেল আলী। তিনি জানান, আটক মৌসুমি আক্তারের (২৯) মৃত জালাল শেখের মেয়ে। তাঁর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মাদকের শেকড় উৎপাটনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এই ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বাদী হয়ে অভিযুক্ত মৌসুমি আক্তারের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন। আইনি প্রক্রিয়া ও প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। ছবি সংগৃহীত।
