স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল আইসিপি (আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল) ও আমড়াখালী চেকপোস্টের চৌকস টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে পণ্যসামগ্রীগুলো জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে ২৬টি ভারতীয় শাড়ি, ১টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ২টি হরলিক্স, ১ হাজার ৬৮ প্যাকেট উন্নতমানের বিস্কুট এবং ১১১টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩ ৯ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞাপন
অভিযানের সত্যতা নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধসহ পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সীমান্তজুড়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, গৃহীত বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকের চালান জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তকে পূর্ণাঙ্গভাবে চোরাচালানমুক্ত করতে বিজিবির এই ধরনের কঠোর ও অলআউট অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

