বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ,কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে নিয়ে আসার পথে বখাটেদের হামলায় তানিয়া বেগম (২৫) নামের ৭ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি ও তাঁর স্বামী হাবিব পাহলান (৪৫) এবং পিতা দুলাল হাওলাদারকে (৫৫) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পরপরই চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোমাত্রই ওই নারীর মর্মান্তিক গর্ভপাত ঘটে এবং অনাগত নবজাতকের মৃত্যু হয়।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পেশায় অটোচালক হাবিব পাহলান রাত আটটার দিকে বেতমোর গ্রামের শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে নিয়ে শারীরিক অসুস্থতাজনিত কারণে নিজের চালিত অটোরিকশায় করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মুন্সী বাড়ি স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বখাটে সোহাগ (২০), মামুন ও শাওন সিকদার (২২) আড্ডা দিচ্ছিলেন। সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটলে হাবিব তাঁদের সরে দাঁড়াতে বলেন।
বিজ্ঞাপন
এ নিয়ে বখাটেদের সঙ্গে হাবিবের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে হাবিব ও তাঁর শ্বশুর দুলালকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় স্বামী ও পিতাকে বাঁচাতে অসুস্থ তানিয়া বেগম এগিয়ে গেলে বখাটেরা তাঁর পেটে সজোরে লাথি মারে এবং তাঁদের প্রায় দেড় ঘণ্টা ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে স্থানীয়রা টের পেয়ে মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু জরুরি বিভাগে প্রবেশের পথেই তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষণের মধ্যে নবজাতকটির মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি প্রতিবেদক।
