স্ফুলিঙ্গ রিপোর্ট :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৫ নম্বর পানিসারা ইউনিয়ন পরিষদে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে এই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে বিএনপি সমর্থিত তরুণ নেতা আশাদুল ইসলামকে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ওয়ার্ডের সাধারণ ভোটারদের অভিমত, এলাকা ও অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে আগামী নির্বাচনে একজন সৎ, পরিচ্ছন্ন ও যোগ্য তরুণ প্রতিনিধিকে তাঁরা ভোটের মাধ্যমে জয়ী করতে চান।
বর্তমানে পানিসারা ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে চলে নানা সমীকরণ ও মুক্ত আলোচনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ভোটার জানান, বিগত নির্বাচনে যাঁকে মেম্বার নির্বাচিত করা হয়েছিল, তিনি এলাকার আশানুরূপ উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। স্থানীয়দের নানা সংকট ও সমস্যায় পাশে না পাওয়ার কারণে এবার তাঁরা নতুন ও তরুণ মুখ আশাদুল ইসলামকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে আগ্রহ প্রকাশ করছেন।
বিজ্ঞাপন
নির্বাচনী ভাবনার বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী আশাদুল ইসলাম জানান, “আমি নির্বাচিত হলে এলাকার সকল স্তরের ও সর্বশ্রেণীর মানুষের সুখ-দুঃখে পাশে থাকব এবং যেকোনো নাগরিক সমস্যা সমাধানের চেষ্টা করব। বিশেষ করে অবহেলিত রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা রাখব।”
নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “ভোট হচ্ছে জনগণের আমানত, আর এই আমানতকে আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। আমার সাধ্য অনুযায়ী এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমি শুধু সকলের মূল্যবান দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। সেই সাথে আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে মূল্যায়ন করে মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনীত করবে।”
ইতিমধ্যে আশাদুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে কুশল বিনিময় করছেন এবং সার্বিক দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ছবি সংগৃহীত।

