স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে একটি নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে যশোর জেলা ও সদর উপজেলার পৃথক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার রায়মানিক সরদারপাড়ার মালেক সরদারের ছেলে মোহাম্মদ আলী, দাইতলা এলাকার হাসান আলীর ছেলে গোলাম কাদের এবং ভগবতীতলা গ্রামের সালাম মোল্লার ছেলে ইকবাল হোসেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে খবর আসে যে, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা গোপন নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছেন। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থল অভিমুখে গেলে আসামিরা স্লোগান দিয়ে পাশেই অবস্থিত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
মামলার এজাহারে আরও জানানো হয়, আক্রমণকালে হামলাকারীরা কার্যালয়ে রক্ষিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করে মারাত্মক ক্ষয়ক্ষতি করে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ জুন যশোর কোতোয়ালি থানায় একটি সুনির্দিষ্ট নাশকতা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সেই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত সম্পৃক্ততার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আজ তাঁদের যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ছবি সংগৃহীত।
