স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সাংবাদিক সমাজের উন্নয়ন, মর্যাদা রক্ষা এবং ঐতিহ্যবাহী সংগঠনকে আধুনিক রূপ দেওয়ার মূল কারিগর জাহিদ হাসান টুকুনের ওপরই পুনরায় আস্থা রাখলেন সদস্যরা।
যশোরের প্রবীণ ও জনপ্রিয় সাংবাদিক নেতা জাহিদ হাসান টুকুন আবারও বিপুল ভোটে ‘প্রেসক্লাব যশোর’-এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন নূর ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ত্রিপক্ষীয় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নূর ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট এবং জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, জাহিদ হাসান টুকুন দীর্ঘ সময় ধরে যশোর জেলাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত সুরক্ষা এবং কল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে প্রেসক্লাব যশোরের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং সাধারণ সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আবারও সেই অবদানের মূল্যায়ন করলেন। সাধারণ ভোটারদের ভাষ্য— “টুকুনের দূরদর্শী নেতৃত্ব ও ক্লাব উন্নয়নে তাঁর অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়েই বারবার তাঁকেই নেতৃত্বে বসাচ্ছেন প্রেসক্লাব যশোরের ভোটাররা।”
অন্যান্য পদের মধ্যে ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পান ৫২ ভোট।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে ৬ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন— শহিদ জয় (৯৬ ভোট), রফিকুল ইসলাম (৯২ ভোট), গালিব হাসান পিল্টু (৮১ ভোট), মুর্শিদুল আজিম হিরু (৭৯ ভোট), এস এম সোহেল (৬২ ভোট) এবং তৌহিদ জামান (৫৯ ভোট)। এই পদে পরাজিত হয়েছেন সফিক সায়ীদ (৫৪ ভোট) ও আব্দুল ওয়াহাব মুকুল (৪৮ ভোট)।
এর আগে তফসিল অনুযায়ী, সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহিদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ছবি সংগৃহীত।

