জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক চাঞ্চল্যকর অভিযানে বাবা ও ছেলেকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলার বাবুখালী ইউনিয়নের সিন্দাইন উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— সিন্দাইন উত্তরপাড়া গ্রামের আইন উদ্দিন মোল্যার ছেলে মো. হাসমত আলী (৪৩) এবং তাঁর সুযোগ্য সন্তান মো. রকিবুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চায়ের দোকানের আড়ালে গোপন মাদক কেনাবেচার খবর পেয়ে বাবুখালী পুলিশ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সিন্দাইন গ্রামে অবস্থান নেয়। সোমবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা সিন্দাইন উত্তরপাড়া গ্রামের হাসমত আলীর চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন হাসমত আলী ও তাঁর ছেলে রকিবুল ইসলামকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাঁদের দেহ তল্লাশি করে ২৪ গ্রাম তাজা গাঁজা ও ৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, “মাদকদ্রব্যসহ আটককৃত বাবা ও ছেলেকে আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য মহম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।”
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ জানান, “আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।” ছবি প্রতিবেদক।


