স্ফুলিঙ্গ রিপোর্ট :
খুলনা মহানগরীর বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীদের কাছে ফোন করে কথিত ‘বি কোম্পানি’র নামে চাঁদা দাবি এবং হুমকি প্রদানের অভিযোগে মো. হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৩) নামে এক দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।
বিজ্ঞাপন
গত ১ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকায় এক অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং ৬টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
কেএমপি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর শিল্পপতি, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষের কাছে অচেনা নম্বর থেকে ফোন করে শীর্ষ অপরাধীচক্র ‘বি কোম্পানি’র নাম ও ব্যানার ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকার করলে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হতো। এ নিয়ে ভুক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে কেএমপি গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে নামে। পরবর্তীতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঁদাবাজির মূল উৎস ও আসামির অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহরে শনাক্ত করে সেখানে অভিযান চালায় ডিবির বিশেষ দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করেই অপরাধী চক্রটি খুলনার বিভিন্ন ব্যক্তির নিকট প্রতিনিয়ত চাঁদা দাবি করত। উদ্ধারকৃত এসব ডিজিটাল ডিভাইসের কললিস্ট ও মেসেজ ডেটা বিশ্লেষণের মাধ্যমে এ চক্রের সাথে যুক্ত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত হাসিবুর রহমান হাসিব একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে পূর্বেও কেএমপির লবণচরা, সোনাডাঙা এবং খুলনা সদর থানায় অস্ত্র আইন, হত্যা, চুরি, মারামারি ও চাঁদাবাজিসহ মোট ৬টি গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। ‘বি কোম্পানি’র নাম ভাঙিয়ে বা ব্যানারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে কেএমপি। ছবি সংগৃহীত।


