বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (কলাপাড়া):
‘করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা’—এই উদ্বুদ্ধকরণ প্রতিপাদ্যকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের সুরক্ষা এবং সাধারণ পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার চেক ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ৯:০০ ঘটিকায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়’-এর আওতায় এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে বাল্যবিবাহের ভয়াবহ কুফল, কিশোরীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের বহুমুখী গুরুত্ব এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) একেএম তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির পরিচালক (প্রশাসন ও পরিকল্পনা, যুগ্ম সচিব) মুহাম্মদ ইকবাল হুসাইন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদউল্লাহ এবং ইরেসপো-২য় পর্যায়ের প্রকল্প পরিচালক রাশেদুল আলম। এছাড়া কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন, স্থানীয় অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বিআরডিবির মহাপরিচালক একেএম তারেক বলেন, “ক্ষুদ্র সঞ্চয়ের অভ্যাসের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করা এবং বাল্যবিবাহের অভিশাপ থেকে কিশোরীদের রক্ষা করতে পরিবার ও সমাজকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য। গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

