স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে স্বজন হারিয়ে ঘুরে বেড়ানো আনুমানিক চার বছর বয়সী দুটি ফুটফুটে শিশুকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়েছে স্থানীয় একটি চায়ের দোকানে। বুধবার সকালে চুড়ামনকাটি বাজার এলাকা থেকে এক ছেলে ও এক মেয়ে শিশুকে অভিভাবকহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু দুটিকে নিঃসঙ্গ অবস্থায় দেখতে পেয়ে এলাকার পথচারী ও ব্যবসায়ীরা এগিয়ে যান। তবে তাদের বয়স আনুমানিক চার বছর হওয়ায় তারা নিজেদের নাম কিংবা বাবা-মায়ের পরিচয় স্পষ্টভাবে বলতে পারছে না। পরবর্তীতে শিশু দুটির নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় চৌগাছা রোডের বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা মইনের চায়ের দোকানে তাদের নিরাপদে আশ্রয়ে রাখা হয়।
বিজ্ঞাপন
ঘটনাটি তাৎক্ষণিকভাবে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে অবুঝ শিশু দুটির পরিবার ও স্বজনদের দ্রুত খুঁজে বের করতে সাধারণ মানুষ ও স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশু দুটির পরিবার বা পরিচয়ের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে চৌগাছা রোডের মইনের চায়ের দোকানে সরাসরি ০১৬২০৯৭২৬১৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

