স্ফুলিঙ্গ ডেক্স :
বাইরে সাধারণ টিনশেড গোয়ালঘর হলেও ভেতরের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ভেতরে সুসজ্জিত এসি কামরা বানিয়ে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া এক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাত ৩টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত ডিজিটাল জালিয়াতি চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
অভিযানকালে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি আধুনিক স্মার্টফোন এবং প্রতারণার মাধ্যমে অর্জিত নগদ ৩১,০০০ (একত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মহারাজপুর মধ্যপাড়া এলাকার বাবুল আহমেদ (২৮), ওমর ফারুক (১৯), সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মাহফুজ হোসেন (২১)।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ওই এলাকায় হ্যাকিং এবং সোশ্যাল মিডিয়াভিত্তিক আর্থিক প্রতারণার একাধিক সক্রিয় ও সুসংগঠিত গ্যাং রয়েছে। চক্রটির সদস্যরা সাধারণ প্রবাসী এবং দেশে থাকা বিভিন্ন মানুষের ইমো, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর তথ্য বা মিথ্যা জরুরি প্রয়োজনের কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার একটি বিশেষ পুলিশি দল মহারাজপুর মধ্যপাড়ার স্থানীয় বাসিন্দা সাগর আহমেদের বসতবাড়ি সংলগ্ন গোয়ালঘরে বিশেষ তল্লাশি অভিযান চালায়। গোয়ালঘরের ভেতরের সেই শীতাতপ নিয়ন্ত্রিত গোপনীয় ঘরে দরজা বন্ধ করে ডিজিটাল হ্যাকিং ও প্রতারণায় লিপ্ত থাকা অবস্থায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ছবি সংগৃহীত।

