কলারোয়া সংবাদদাতা :
যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকার অন্যতম শীর্ষ ও চিহ্নিত মাদক কারবারি মোস্তফা ওরফে ‘মোস্ত’কে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত ১০টা ৪০ মিনিটের দিকে কলারোয়া থানাধীন সিংগা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা শার্শা ও কলারোয়া সীমান্ত সংলগ্ন বেলতলা (বাগুড়ী) গ্রামের মৃত শেখ নাজিমের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে প্রকাশ, এর আগেও গত ২৩ জুন ২০২৬ তারিখে কলারোয়া থানা পুলিশের হাতে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল এই মোস্তফা। তাছাড়া তারও কিছুদিন আগে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় সে। উক্ত মামলাগুলোতে কিছুদিন কারাবাস ভোগের পর জামিনে মুক্ত হয়ে সে আবারও একই সীমান্ত সিন্ডিকেট সচল করে ইয়াবার কারবার শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, গ্রেপ্তারকৃত কুখ্যাত মাদক কারবারি মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, কলারোয়া থানা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এই ধরনের চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

