বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে স্কুলব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম’-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমান। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল—একটি করে উন্নতমানের স্কুলব্যাগ, একটি করে জ্যামিতি বক্স, দুটি করে বড় আকারের খাতা এবং দুটি করে কলম। এর আগেও একই প্রকল্পের আওতায় উক্ত শিক্ষার্থীদের খাতা, কলম, স্কেল ও জ্যামিতিক বক্স প্রদান করা হয়েছিল বলে জানা গেছে।
নতুন উপহার পেয়ে উচ্ছ্বসিত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাওন তালুকদার বলে, “আমার আগের ব্যাগটি ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছিল। নতুন এই ব্যাগ ও চমৎকার শিক্ষা উপকরণ পেয়ে আমার খুব উপকার হয়েছে। এছাড়া ব্র্যাক কার্যালয়ে আমাদের ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স’-এর অ্যাকাউন্ট রয়েছে, যেখানে আমরা প্রতি মাসে জমানো টাকা জমা রাখি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী ব্র্যাকের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই প্রকল্পের মাধ্যমে একদিকে শিক্ষার্থীরা সঞ্চয়ের অভ্যাস শিখছে, অন্যদিকে বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্সে অংশ নিয়ে ইংরেজি ভাষায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে।”
প্রকল্পের কর্মকর্তা কে এম মশিউর রহমান জানান, বর্তমানে কলাপাড়া উপজেলার মোট ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় বিনামূল্যে স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ফ্রি সঞ্চয়ী অ্যাকাউন্ট প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ, এমনকি গাছের চারা ও কবুতর সহায়তার সুযোগ রয়েছে। তিনি আরও জানান, খুব শিগগিরই এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং বিষয়ক আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। ছবি সংগৃহীত।
