বাগেরহাট প্রতিনিধি :
পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও প্রাতিষ্ঠানিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে বাগেরহাটে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ। এতে বাগেরহাট জেলা প্রেসক্লাব একাদশকে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাগেরহাট জেলা পুলিশ ফুটবল দল। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাগেরহাটে এই প্রীতি ম্যাচের শুভ সূচনা ও পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বাগেরহাট জেলা পুলিশ একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং চমৎকার কৌশলে দুটি দর্শনীয় গোল করিয়ে (অ্যাসিস্ট) দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, দলের সহ-অধিনায়ক হিসেবে মাঠ কাঁপান বাগেরহাটের পুলিশ সুপার জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে নিজে একটি আকর্ষণীয় গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরও একটি গোল করান। দুই শীর্ষ কর্মকর্তার অসাধারণ ক্রীড়াশৈলীতে ভর করে ৪-২ গোলের চমৎকার জয় নিয়ে মাঠ ছাড়ে জেলা পুলিশ দল।
খেলা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জয়ী ও বিজিত—উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রীতি পুরস্কার তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা পুলিশ ও প্রেসক্লাবের স্থানীয় সদস্য এবং ক্রীড়ামোদী দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ছবি সংগৃহীত।


