স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আটটি অনুষদের অধীনে থাকা ৩৮টি বিভাগের নবীন শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্য নিয়ে প্রস্তুত করা এই হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন ও সার্বিক একাডেমিক কার্যক্রম সহজসাধ্য করতেই এ হ্যান্ডবুকটি প্রস্তুত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্বপূর্ণ অর্জন, বিভিন্ন প্রশাসনিক অফিস-দপ্তর ও বিভাগের পরিচিতি, সিটিজেন চার্টার, একাডেমিক ক্যালেন্ডার ও অর্ডিন্যান্স, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি, সেন্ট্রাল লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তার বিবরণ, হল ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা বিধিসহ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তথ্যসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কাজ সহজ করার উদ্দেশ্যেই আমাদের এ উদ্যোগ। এই হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচানোর পাশাপাশি পুরো ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন যে, নতুন শিক্ষার্থীরা এই হ্যান্ডবুকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সেবা, তাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে প্রথম দিন থেকেই পরিষ্কার ধারণা পাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিগগিরই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে এই হ্যান্ডবুকের প্রিন্ট কপি পৌঁছে দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং বিভিন্ন হলের প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। ছবি সংগৃহীত।

