প্রেস বিজ্ঞপ্তি
দীর্ঘদিন ধরে চলে আসা চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের এক দফা দাবিতে যশোরে অনশন ও কর্মবিরতির কঠোর ঘোষণা দিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) শ্রমিকরা।
সংগঠনটির নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চাকরি স্থায়ীকরণের যৌক্তিক দাবিতে তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান এবং বিদ্যুৎ ভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিভিন্ন প্রতিশ্রুতির প্রেক্ষিতে আন্দোলন শিথিল করা হলেও, পরবর্তীতে দাবি বাস্তবায়নে কোনো বাস্তবমুখী বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, গত ১৫ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সংগে সরাসরি সাক্ষাৎ করেও তারা কোনো ইতিবাচক আশ্বাস পাননি। তারা জানান, গত ১৮ থেকে ২০ বছর ধরে নিজেদের জীবন বাজী রেখে ২১ জেলার প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। অথচ আজও তাদের চাকরির কোনো স্থায়ী রূপ মেলেনি।
বিজ্ঞাপন
শ্রমিকদের সুনির্দিষ্ট এক দফা দাবি হলো—বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলপূর্বক তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে প্রধান অগ্রাধিকার দিয়ে ২১ জেলার সকল লাইন সাহায্যকারীকে অবিলম্বে রাজস্ব খাতে স্থায়ী করতে হবে।
যশোর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এ অনশন ও কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ন্যায্য দাবি আদায়ের এ আন্দোলনকে সরকার ও দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন শ্রমিক নেতারা। ছবি সংগৃহীত।
