রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের ঐতিহ্যবাহী ও উপজেলা পর্যায়ে বারবার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিন কৃতী শিক্ষার্থী এবার দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানী ঢাকার হলিক্রস কলেজে ভর্তির বিরল সুযোগ অর্জন করেছে।
২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তির চূড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়া এই তিন মেধাবী কন্যা হলেন— তাবাচ্ছুম কবীর, ঐশিকা রায় এবং জাকিয়া সুলতানা জীম।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সদ্য ঘোষিত ফলাফলে তাবাচ্ছুম কবীর কোটচাঁদপুর উপজেলায় নারী শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় প্রথম এবং ঐশিকা রায় দ্বিতীয় স্থান অধিকার করে অনন্য নজির গড়েছেন। তাঁদের সঙ্গে মেধার স্বাক্ষর রেখে সাফল্যের সঙ্গে হলিক্রসে সুযোগ নিশ্চিত করেছেন জাকিয়া সুলতানা জীম।
বিজ্ঞাপন
কৃতী শিক্ষার্থীদের পারিবারিক পরিচয় বিশ্লেষণে দেখা যায়— তাবাচ্ছুম কবীর কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ও উদীয়মান রাজনীতিবিদ মো. হুমায়ূন কবীরের সুযোগ্য কন্যা। ঐশিকা রায় বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক সুবাস কুমার রায়ের জ্যেষ্ঠ কন্যা এবং জাকিয়া সুলতানা জীম একই বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. জাহিদুল ইসলামের কনিষ্ঠ কন্যা।
মফস্বল শহরের একটি বালিকা বিদ্যালয় থেকে একযোগে তিন শিক্ষার্থীর ঢাকার ঐতিহ্যবাহী হলিক্রস কলেজে স্থান করে নেওয়ার এ ঘটনাকে ঝিনাইদহের সার্বিক শিক্ষাঙ্গনের জন্য এক মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল। শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম আর শিক্ষার্থীদের নিষ্ঠার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষাবান্ধব সভাপতি, সাবেক পৌর মেয়র ও গণমানুষের নেতা এসকে সালাহউদ্দিন বুলবুল সিডল। এক অভিনন্দন বার্তায় তিনি তিন মেধাবী কন্যাকে শুভকামনা জানান এবং তাঁদের ভবিষ্যতের উজ্জ্বল সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও সুশীল সমাজে এখন এই তিন মেধাবী কন্যাকে ঘিরে বইছে আনন্দের ধারা। কোটচাঁদপুরবাসীর প্রত্যাশা— সাফল্যের এই ধারা অব্যাহত রেখে তাবাচ্ছুম, ঐশিকা ও জাকিয়া আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে অনন্য ভূমিকা রাখবে।
ছবি সংগৃহীত।
