মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
‘আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে’— এই চিরায়ত সুর ও স্লোগানকে উপজীব্য করে ঝিনাইদহে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার নতুন ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিককে সভাপতি এবং শারমিন জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— সহসভাপতি দিলীপ ঘোষ, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ইমন কল্যাণ, মো. শফিকুল আলম, আবু তোয়াব অপু, লিপি দাস ও সতী শিকদার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কাজল বিশ্বাস, টিউলিপ ও প্রদীপ অধিকারী।
এর আগে জ্যেষ্ঠ সাংস্কৃতিক সংগঠক দিলীপ ঘোষের সভাপতিত্বে ও শারমিন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত মূল সাংগঠনিক অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অশোক সাহা এবং কেন্দ্রীয় প্রশিক্ষক স্টীভ তুর্য।
সম্মেলনে বক্তারা জেলা পর্যায়ে রবীন্দ্রসংগীতের সঠিক চর্চা ও প্রসারের পাশাপাশি তরুণ ও শিশু-কিশোরদের রবীন্দ্র ভাবনায় উদ্বুদ্ধ করার তাগিদ দেন। একই সাথে জেলায় সংগঠনের প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।
