স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্যদের সরকারি আবাসন (ন্যাম ভবন)-এর একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক রাত ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ সূত্রের তথ্যমতে, ন্যাম ভবনের নির্ধারিত ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে মরিয়মের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গভীর তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত সমর্থিত তৎকালীন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। সেসময় গাজী নজরুল ভিডিওর তরুণীকে তাঁর আইনি দ্বিতীয় স্ত্রী হিসেবে প্রকাশ্যে দাবি করেন।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় অবস্থান থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে। গত ২২ জুলাই ২০২৬ তারিখে দলটির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়েছিল। সেই বিতর্কিত ঘটনার দু’ মাসের মাথায় এবার তাঁর তরুণী স্ত্রীর আকস্মিক ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছবি সংগৃহীত।
