শ্বশুরের ঘরের ১৩ লাখ টাকার গহনা নিয়ে ঘরজামাই চম্পট!

শ্বশুরের ঘরের ১৩ লাখ টাকার গহনা নিয়ে ঘরজামাই চম্পট!

স্ফুলিঙ্গ ডেক্স :

মানিকগঞ্জের ঘিওরে শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বাস করা মো. সামিউল (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া ১৩ লাখ টাকা মূল্যের প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত জামাইকে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ঘিওর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর।

পুলিশ ও মামলার অভিযোগ বিবরণী থেকে জানা গেছে, গত ৩০ আগস্ট ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা গ্রামের স্থানীয় ব্যবসায়ী আকবর আলী খান ও তাঁর স্ত্রী চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করছিলেন। ফাঁকা বাড়ি পেয়ে অভিযুক্ত সামিউল দোতলার শয়নকক্ষের ট্রাঙ্ক ও লকারের তালা ভেঙে শাশুড়ির ব্যবহৃত বহুমূল্য স্বর্ণালংকারসহ এটিএম কার্ড ও চেকবই চুরি করে চম্পট দেয়। পরবর্তীতে গৃহকর্তা বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আকবর আলী খান গত ৮ সেপ্টেম্বর জামাই সামিউলকে অভিযুক্ত করে ঘিওর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার নথিতে ৩টি স্বর্ণের চেইন, ৫ জোড়া কানের দুল, ২টি রুলি-বালা, ১টি সীতাহার, ২টি আংটি ও ১টি ব্রেসলেটসহ বিপুল অলংকার চুরির কথা উল্লেখ করা হয়।

মামলার পর ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করে। এরপর রাজশাহীর বোয়ালিয়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আসামি সামিউলকে গ্রেফতার করা হয় এবং তাঁর হেফাজত থেকে চুরিকৃত সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সামিউল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মরহুম আজিজুল হকের ছেলে। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। উদ্ধারকৃত মালামাল আলামত হিসেবে নথিভুক্ত করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *