স্ফুলিঙ্গ ডেক্স :
বান্দরবান জেলা শহরের বাণিজ্যিক ও পর্যটন এলাকায় নিজ মালিকানাধীন রিসোর্টে নিয়ে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় শনিবার (১৭ অক্টোবর ২০২৬) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী তরুণী ও পুলিশ সূত্রে প্রকাশ, বান্দরবান জেলা শহরের শিশু পার্ক সংলগ্ন ‘সাইনি রিসোর্ট’ নামক একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে নেওয়া হতো।
অভিযোগে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) আবারও বিয়ের কথা বলে শৈক্যচিং মার্মা ভুক্তভোগীকে ওই রিসোর্টে ডেকে নিয়ে যান। একপর্যায়ে ঘরের ভেতর থেকে ওই তরুণীর বাঁ বাঁচাও আকুতি ও চিৎকার শুনতে পান পাশে থাকা শিশু পার্কের দর্শনার্থী ও সাধারণ পথচারীরা। ঘটনাটির গুরুত্ব বুঝতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরি সেবা ও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্ষ থেকে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে থানা হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা নুরুল আলম ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্ত শৈক্যচিং পাহাড় কেটে অবৈধভাবে অনুমোদন ছাড়াই রিসোর্টটি গড়ে তুলেছেন। রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে সেই রিসোর্টকে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অপরাধমূলক নানা কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
তবে অনুমোদনহীন রিসোর্ট নির্মাণ ও রাজনৈতিক প্রভাবে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে দায়িত্বশীল কোনো প্রশাসনিক কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে শৈক্যচিং মার্মার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।
