স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) দিবাগত রাত দুইটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে ।
এ ঘটনায় বিল্লাল নামের আরও এক ব্যক্তি পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন । অন্যদিকে, মনিরুজ্জামান নামে অপর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন ব্যক্তি চান্দুটিয়া গ্রামে প্রবেশ করে একটি ইঞ্জিনচালিত নসিমন চুরি করে পালানোর চেষ্টা করেন । বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন । একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেন। এ সময় মনিরুজ্জামান ও বিল্লাল খালের পানিতে লাফ দেন. স্থানীয়দের প্রহারে গুরুতর আহত মিজানুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিজ্ঞাপন
খবর পেয়ে আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, চুরির অপরাধকে কেন্দ্র করেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আটক মনিরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম জানান, পুলিশের মাধ্যমে বার্তা পেয়ে খালের পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল। তাঁকে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

