স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলাজুড়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৯ জন ডেঙ্গু রোগী।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) যশোর সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
বিজ্ঞাপন
অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯২ জন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
উপজেলাওয়ারী তথ্যে দেখা যায়, মোট আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে অভয়নগর উপজেলা (৫৫০ জন) এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (২২২ জন)। এছাড়া কেশবপুরে ১৪৫ জন, শার্শায় ৯১ জন, বাঘারপাড়ায় ৮৪ জন, মনিরামপুরে ৬৪ জন, ঝিকরগাছায় ৪০ জন এবং চৌগাছায় ২৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত মোট ১৯ জন রোগীকে ঢাকায় বা অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর বিস্তার রোধে বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমানো পানি দূর করা এবং সার্বক্ষণিক মশারি ব্যবহারের জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
