স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাদক সেবন, ইয়াবা ও গাঁজা বহন এবং পানির পাম্প চুরির মতো পৃথক অপরাধে অভিযুক্ত আটজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের সংক্ষিপ্ত বিচারিক আদালত।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) পৃথক মামলায় শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন এই সাজা প্রদান করেন।
আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের সম্রাটের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিজ্ঞাপন
কেশবপুর থানা-পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মেহেদী হাসান ও হাসিবুর রহমান সাগরকে আটক করে। আদালতে অপরাধ স্বীকার করায় উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঝিকরগাছা থানা-পুলিশ কুন্দিপুর রেললাইনের পাশ থেকে গাঁজাসহ আটক রিপন আলী ও আলমকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাঁদের ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া একই থানার সন্তোষনগর গ্রাম থেকে ইয়াবাসহ আটক রায়হান বাবু ও রিফাজ হোসেনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মণিরামপুর উপজেলার শৈলী বাজারে পানির পাম্প চুরির দায়ে স্থানীয়দের হাতে আটক সাকিব হোসেনকে আদালতে সোপর্দ করা হলে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় তাঁকে পৃথকভাবে ২ মাস করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালতের আদেশে বলা হয়, সাকিবের পৃথক সাজা আলাদাভাবে চলবে বলে উল্লেখ করা হয়েছে
আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে দণ্ডিত আটজন আসামিকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

