স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ আগস্ট) লাউজানীতে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দাউদ হোসেন।
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজের ওপরও ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিরুদ্ধে পুলিশি তৎপরতার পাশাপাশি পরিবার, সমাজের সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাজিদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, বিএনপি নেতা খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, মইনুল ইসলাম মইন, রুহুল আমিন, রফিকুল ইসলাম, শাহাজাহান আলী, আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, হোসেন আলী, মিজানুর রহমান মিজান ও ইউপি সদস্য ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খলিল, যুবদল নেতা রবিউল ইসলাম, আলমগীর হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যেক পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ লাউজানী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

