স্ফুলিঙ্গ রিপোর্ট :
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন সার্ভারের ভ্রমণ নিষেধে নাম থাকায় স্নিগ্ধ সিকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক স্নিগ্ধ সিকদার নড়াইল সদর উপজেলার শেখহাটী ইউনিয়নের মালিয়াট এলাকার স্বপন কুমার সিকদারের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সময় সার্ভারে স্নিগ্ধ সিকদারের নাম ভ্রমণ নিষেধে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, স্নিগ্ধ সিকদারের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে বিভিন্ন ধারায় একটি মামলা রয়েছে। চলতি বছরের ১৭ মে দায়ের করা ওই মামলাটি বর্তমানে সাইবার পুলিশ সেন্টার ও সিআইডি তদন্ত করছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পরে স্নিগ্ধ সিকদারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি ওই থানার হেফাজতে রয়েছেন। ছবি সংগৃহীত।

