স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বাঘারপাড়ায় যশোর-নড়াইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় চারজন ইজিবাইক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের দত্ত রাস্তা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—কৈখালী এলাকার বাসিন্দা রিয়া ঘোষ (২২), অনিক মজুমদার, লঙ্কেশ্বর এবং বাঘারপাড়া উপজেলার সদুল্লাপুর এলাকার তাপস (৩৭)।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ দেখার উদ্দেশ্যে চারজন দর্শনার্থী একটি ইজিবাইকে চড়ে ধলগা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দত্ত রাস্তা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সজোরে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং বাহনে থাকা চারজন যাত্রীই মারাত্মক আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আহতদের মধ্যে দুইজনকে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অপর দুইজনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
