স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তির অভিযোগে দীন ইসলাম (৩৫) নামে এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
গতকাল রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেলে এই ঘটনাটি ঘটে। আটক দীন ইসলাম সদর উপজেলার বারীনগর এলাকার আলী আকবরের ছেলে। ঘটনার সময় তাকে মারধর করে একটি ঘরে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে।
বিজ্ঞাপন
হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের দাবি, দীন ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি না হওয়ার বিষয়ে বিভিন্ন মন্তব্য করে একাধিক ভিডিও প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে ধরে পুলিশে দেওয়া হয়, তবে অভিযুক্ত ব্যক্তি আগেই ভিডিওগুলো ডিলিট করে দেয় বলে তিনি জানান।
অন্যদিকে, বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আমির হোসেন জানান, দীন ইসলাম জামায়াতের একজন সমর্থক এবং বারীনগর বাজারে তার একটি জুতার ব্যবসা রয়েছে। ওই জুতার দোকানটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই নাটক সাজিয়ে তাকে ফাঁসানো হচ্ছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ জানান, স্থানীয়রা আওয়ামী লীগের কোনো নেতাকে আটক করে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। পরে দেখা যায় আটক ব্যক্তি জামায়াতের সমর্থক। তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দীন ইসলামকে হেফাজতে নেয়। পুরো ঘটনার সকল দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। ছবি সংগৃহীত।


