স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক একরাম-উদ-দ্দৌলা এবং সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পেশাগত কারণের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে না পারার বিষয়টি পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। একই দিন বিকেল সাড়ে ৩টায় আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা সংকটকালীন কমিটির সদস্যদের কাছে পদত্যাগপত্র দেন।
পদত্যাগপত্রে একরাম-উদ-দ্দৌলা উল্লেখ করেন, প্রেসক্লাব যশোর পরিচালনা, নির্বাচনসহ বিভিন্ন গঠনতান্ত্রিক বিষয়ে প্রশ্ন ও বিতর্কের প্রেক্ষাপটে গত ৬ আগস্ট বিশেষ সাধারণ সভায় ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাকে আহ্বায়ক এবং মবিনুল ইসলাম মবিনকে সদস্যসচিব করা হয়।
বয়সজনিত শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও প্রেসক্লাবের সংকট নিরসনে দায়িত্ব গ্রহণ করেছিলেন একরাম-উদ-দ্দৌলা। দায়িত্ব পালনের সময় ঐক্য,স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করলেও বর্তমান পরিস্থিতিতে সব কার্যক্রম প্রত্যাশিতভাবে নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে তিনি মনে করেন। এতে তার দীর্ঘ সাংবাদিকতা জীবন ও প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সমীচীন বলে জানান তিনি।
অন্যদিকে,সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগপত্রে উল্লেখ করেন, প্রেসক্লাবের সংকট নিরসনে বৃহত্তর স্বার্থে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনকালে গঠনতন্ত্র সংশোধন, সদস্যপদ প্রদান ও অডিট কার্যক্রম শুরুর মতো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়া হয়। তবে প্রেসক্লাবের দায়িত্ব পালনে সময় দিতে গিয়ে নিজের পত্রিকার কাজে প্রয়োজনীয় সময় দিতে না পারায় তিনি আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ব্যক্তিগতভাবে বর্তমান কমিটিতে আর দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানান তিনি।
উল্লেখ্য,প্রেসক্লাব যশোরে সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের আন্দোলনের পর গত ৬ আগস্ট সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সদস্যপদের আবেদন ফরম সংগ্রহ করেন ১০১ জন সাংবাদিক। এর মধ্যে ৯৫ জন আবেদনপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুই দফায় ৩৬ জনকে নতুন সদস্যপদ দেওয়া হয়। একই সঙ্গে একজন সাবেক সদস্যের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

