স্ফুলিঙ্গ রিপোর্ট :
এইচএসসি পড়ুয়া এক ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতারের পর যশোর জেলা ছাত্রদলের তোপের মুখে পড়েছেন চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল।
শনিবার (১ আগস্ট ২০২৬) রাতে যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর জেলা ছাত্রদলের কেন্দ্রীয় গঠনতন্ত্র ও নীতি-আদর্শ অনুযায়ী মো. আরাফাত হোসেন রাব্বিকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সমস্ত প্রকার রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।
বিজ্ঞাপন
মামলা ও ঘটনার বিবরণে জানা গেছে, চৌগাছা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে চৌগাছা পৌর শহরে নিয়ে যান রাব্বি। পরবর্তীতে কৌশলে মেয়েটিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি নির্জন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরে স্বজনদের কাছে নির্মমতার ঘটনা খুলে বলেন। তাৎক্ষণিকভাবে পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় লিখিত এজাহার জমা দেওয়া হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শনিবার রাতে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে।
অভিযুক্ত রাব্বি গ্রেফতার হওয়ার পর পরই সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে তাঁকে বহিষ্কারের ঘোষণা দেয় জেলা ছাত্রদল। ফাইল ছবি সংগৃহীত।
