প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
দাতা সংস্থা সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে যশোর শহরের ‘বাঁচতে শেখা’ কনফারেন্স রুমে এই সভা আয়োজিত হয়।
রাইটস যশোর-এর ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। সভায় বক্তব্য রাখেন ক্যাফে ডিলাইটের ব্যবস্থাপনা পরিচালক এস আর আজাদ, আয়েশা আবেদ ফাউন্ডেশনের সেন্টার ম্যানেজার মুসা মিয়া, আরএফএলের প্রতিনিধি সাইফুল ইসলাম, টিটিসি যশোরের জব প্লেসমেন্ট অফিসার দেলোয়ার হোসেন, আফিল গ্রুপের অ্যাডমিন অ্যান্ড এইচআর অফিসার ইস্তার হোসেন, এফপিএবি যশোরের ডিস্ট্রিক্ট অফিসার আজিজুল ইসলাম, কুইন্স হাসপাতালের সহকারী ম্যানেজার ইমরান হোসেন, উত্তরা প্রাইভেট হাসপাতালের ম্যানেজার আব্দুস সালাম এবং মদিনা রিম অ্যান্ড পার্টসের বিলাস কুমার পাল প্রমুখ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে ‘আশ্বাস’ প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য, সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিশদ তথ্য উপস্থাপন করেন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। এর পাশাপাশি সভা আয়োজনের প্রেক্ষাপট, প্রাতিষ্ঠানিক লক্ষ্য এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সুদৃঢ় ও কার্যকর সমন্বয় গড়ে তোলার আবশ্যিকতা তুলে ধরে বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম।
সভায় বক্তারা একমত পোষণ করে বলেন, ভয়াবহ মানব পাচারের শিকার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসা সারভাইভারদের সামাজিকভাবে পুনরায় টিকিয়ে রাখা এবং অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক বা সেবাধর্মী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা পাচার হওয়া এসব মানুষদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার পথকে অনেক বেশি সহজ ও বাস্তবসম্মত করতে পারে।
সভা চলাকালে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অত্যন্ত ইতিবাচক সাড়া দেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কাজের ধরণ ও খালি পদের সুযোগ বিবেচনায় নিয়ে দক্ষতা ও যোগ্যতানুযায়ী মানব পাচারের শিকার সারভাইভারদের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের চাকরি প্রদানে সার্বিক সহযোগিতার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে এ ধরনের সামাজিক উদ্যোগকে আরও ফলপ্রসূ ও নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।
সভার শেষ পর্বে সকল অংশগ্রহণকারীদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ‘জব প্রোভাইডার অ্যাসোসিয়েশন’ নামে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি, নতুন সুযোগ ও প্রাসঙ্গিক তথ্যাদি দ্রুত আদান-প্রদান করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের ফলে পাচারের শিকার সারভাইভার এবং এলাকার বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।
উক্ত গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন রাইটস যশোর-এর ‘আশ্বাস’ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট (ওয়েজ-এমপ্লয়মেন্ট) মো. বজলুর রহমান, মনিটরিং অফিসার প্রকাশ স্বর, ফিনান্স অফিসার মনোশীষ কুমার এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট শ্যামল মল্লিকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ। ছবি সংগৃহীত।

