মোঃ মাসুদ রানা (ঝিনাইদহ প্রতিনিধি):
দেশের বৃহত্তর স্বার্থ ও ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মূল মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিগত জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সরকারকে গঠনমূলক সহযোগিতা করা হলেও সরকার সেই আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে ছিটকে গেছে বলে তীব্র অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঝিনাইদহে আয়োজিত খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর এক সাংগঠনিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের সার্বিক স্থিতিশীলতা ও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে গত জাতীয় নির্বাচনের ফলাফল আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলাম। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে যে ওই নির্বাচনের ফলাফল কীভাবে ম্যানুপুলেট বা কারচুপি করা হয়েছিল।”
বিজ্ঞাপন
সরকারের আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছি। কিন্তু বিনিময়ে তারা আমাদের সঙ্গে রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণ করছে এবং অবিবেচকের মতো বক্তব্য দিচ্ছে। দেশের স্বার্থে আমাদের এই ছাড় দেওয়া ও সহযোগিতাকে সরকার আমাদের দুর্বলতা বলে ভুল ভাবছে।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশবাসীর মনে যে নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু বর্তমানে সরকার সেই মূল আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে স্পষ্টতই সরে গেছে।
ঝিনাইদহে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার জামায়াতে ইসলামীর স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

