মাগুরা প্রতিনিধি:
কৃষকদের সার প্রাপ্তি সহজতর করা, সারের কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং বাজারে ন্যায্যমূল্য ও সঠিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে শালিখা উপজেলার সার ডিলারদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে (কনফারেন্স রুম) এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
সভায় শালিখা উপজেলা জুড়ে কৃষকদের জন্য নির্ধারিত সারের সুষম ও সুষ্ঠু সরবরাহ বজায় রাখা, অবৈধ মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারি প্রতিরোধ, সারের সঠিক সংরক্ষণ ও শৃঙ্খলাপূর্ণ বিতরণ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত নীতিগত সিদ্ধান্ত ও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন কৃষকদের স্বার্থ সংরক্ষণে সার বিতরণ ব্যবস্থার সকল ধাপে শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি ডিলারদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন— সরকারি নির্ধারিত বিক্রয়মূল্য ও প্রাসঙ্গিক নির্দেশনা পুরোপুরি প্রতিপালন করতে হবে। সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দাম আদায়, কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারির চক্রান্ত করা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় আমন্ত্রিত শালিখা উপজেলার সার ডিলারগণ সারের বর্তমান মজুত, আঞ্চলিক সরবরাহ ও স্থানীয় বিতরণ সংক্রান্ত নানাবিধ ব্যবহারিক বিষয়, মাঠপর্যায়ের বিদ্যমান সমস্যা ও তাঁদের স্ব-স্ব মতামত তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব সহকারে ডিলারদের বক্তব্য শোনেন এবং আইনানুগ কাঠামোর মধ্যে থেকে তাঁদের যৌক্তিক সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ শালিখা উপজেলাধীন তালিকাভুক্ত সারের ডিলারগণ। ছবি সংগৃহীত।


