মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে তীব্র আবেগ ও মানসিক যন্ত্রণায় কূল না পেয়ে নিজ মায়ের কবরের পাশে বসে বিষপান করে আল আমিন (২৮) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই পুকুরিয়া গ্রামের বাসিন্দা আয়ুব হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিন জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং মায়ের মৃত্যুর পর থেকেই চরম মানসিক হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে কৃষিকাজের প্রয়োজনে তাঁর চাচাতো ভাইয়ের ঘরে রাখা কীটনাশক (বিষ) গোপনে সাথে নিয়ে গৃহসংলগ্ন মায়ের কবরের কাছে চলে যান। সেখানে কবরের পাশে বসেই তিনি ওই বিষ পান করেন। বিষক্রিয়া শুরু হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনার নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী জানান, নিহত আল আমিন একজন মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী যুবক হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ করুণ ও মর্মান্তিক ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।
