কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার অভ্যন্তরীণ চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিধান অনুযায়ী কালীগঞ্জ পৌরসভাধীন ফয়লা ও খয়েরতলা এলাকা থেকে ৩ জনকে এবং ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাশিমা গ্রাম থেকে ১ জনকে মাদক সেবন ও বিক্রির সুনির্দিষ্ট অপরাধে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের মধ্যে ৩ জনকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ১ জনকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপরাধের মাত্রা বিবেচনায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি পৌরসভার অভ্যন্তরীণ চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর হসপিটাল রোডের পাশে নবনির্মিত ও চলমান আরসিসি ড্রেনের নির্মাণ কাজ ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ছবি সংগৃহীত।
