বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আপন নিউজ’-এর কর্ণধার এস এম আলমগীর হোসেন বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ‘কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর নির্বাচনে তিনি বিপুল ভোটে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় কলাপাড়া সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিজ্ঞাপন
গত শনিবার (১ আগস্ট ২০২৬) রাত ৯টায় কলাপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা এস এম আলমগীর হোসেনের দীর্ঘদিনের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনি ব্যবসায়ীদের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নে সফল ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ, সাবেক সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাবেক সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, প্রচার সম্পাদক রাশেদ আরাফাত এবং কার্যকরী সদস্য মো. মাহতাব হোসেন হাওলাদারসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।


