বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (কলাপাড়া, পটুয়াখালী):
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র ও ৪৪তম বিসিএস পরীক্ষার গেজেট এআই (AI) প্রযুক্তির মাধ্যমে জালিয়াতি করে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক প্রতারককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে কুয়াকাটা পর্যটন এলাকায় অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত প্রতারক মো. রাসেল হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। কুয়াকাটায় এসেও একই ভুয়া পরিচয় ব্যবহার করে একটি অভিজাত হোটেলে কক্ষ বুকিং করেন এবং পরবর্তীতে কৌশলে একটি বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।
শুধু সরকারি পরিচয় জালিয়াতিই নয়, নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে তিনি দুটি বিয়েও সম্পন্ন করেছেন। এমনকি প্রতারণার ফাঁদে ফেলে তার প্রথম স্ত্রীর নিকট থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, “ভুয়া ম্যাজিস্ট্রেট রাসেল হাওলাদার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ৪৪তম বিসিএস গেজেটের ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’ নামটিকে জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ বানিয়েছিলেন।”
তিনি আরও জানান, অপরাধ স্বীকার ও জালিয়াতি প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারা অনুযায়ী রাসেলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রতারণা এড়াতে কেউ ম্যাজিস্ট্রেট বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে অবৈধ সুবিধা দাবি করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে আহ্বান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
