স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের চার খাম্বা মোড়স্থ হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের সামনে থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। যশোর, সাতক্ষীরা ও পিরোজপুরে পরিচালিত টানা এক যৌথ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।
পিবিআই যশোরের এসআই মিলন মিয়ার নেতৃত্বে ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাত থেকে আজ ১৫ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটার ফিরোজ সরদার (২১) এবং একই উপজেলার শাহাদাত হোসেন ওরফে নাইস (২৩)।
বিজ্ঞাপন
মামলার বিবরণীতে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ তারিখে ইজিবাইকচালক শাকিল হোসেন ডেকোরেশনের মালামাল নিয়ে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান। হোটেলের সামনে ইজিবাইকটি পার্ক করে তিনি হোটেলের তিন তলায় যান। বেলা সাড়ে ১১টার দিকে নেমে এসে দেখেন তাঁর একমাত্র উপার্জনের মাধ্যম ইজিবাইকটি চোরের দল হাওয়া করে দিয়েছে। কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সুনির্দিষ্ট ক্লু ধরে প্রথমে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকা থেকে চক্রের মূল হোতা দিদারুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ভোরে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে গ্রেপ্তার করা হয় ফিরোজকে। পরবর্তীতে ফিরোজের দেয়া তথ্যে একই এলাকা থেকে শাহাদাত হোসেন ওরফে নাইসকে আটক করা হয়।
সর্বশেষ শাহাদাতের দেয়া স্বীকারোক্তি মতে আজ দুপুর সোয়া ২টার দিকে খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া বাজারে অবস্থিত ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ থেকে বাদীর চুরি হওয়া ইজিবাইকটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পিবিআই।
এই চক্রের সাথে জড়িত চোরাই গাড়ি কেনাবেচার বড় সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে পিবিআইয়ের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
