স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুলবর্ষ’, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ উদযাপন এবং বিএসপির নিয়মিত ২৬১তম সাহিত্য আসরকে কেন্দ্র করে যশোরে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে যশোর শহরের পোস্ট অফিসপাড়াস্থ বিএসপির নিজস্ব মিলনায়তনে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এ বিশেষ সাহিত্য সভার আয়োজন করে।
বিজ্ঞাপন
বিএসপির সভাপতি বিশিষ্ট কবি আহমদ রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর প্রেক্ষাপট ও চেতনা নিয়ে গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অধ্যক্ষ ও কবি ড. শাহনাজ পারভীন, বিশিষ্ট কবি ও গীতিকার এডিএম রতন এবং কবি মনিরুজ্জামান। জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়ার ঐতিহাসিক সংগ্রহশালা ও তাঁর শৈশব জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেন কবি এমএ কাসেম অমিয়। এছাড়া কবি কাসেদুজ্জামান সেলিমের সহধর্মিণী ফিরোজা জামান মিনির মহীয়সী জীবন নিয়ে বিস্তারিত আলোকপাত করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।
সম্মানিত আলোচক হিসেবে সাহিত্য আসরে আরও বক্তব্য প্রদান করেন কবি অরুণ বর্মন, রাশিদা আখতার লিলি এবং কবি সুরাইয়া শরীফ।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠিত এ কাব্যিক ও বুদ্ধিবৃত্তিক আড্ডায় স্বরচিত কবিতা পাঠ ও অন্যান্য আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক কুতুব উদ্দীন বিশ্বাস, আতিয়ার রহমানসহ অঞ্চলের স্বনামধন্য বহু কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনা সুধীজন। ছবি সংগৃহীত।


